দেশব্যাপী চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানিয়েছে শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
শনিবার (৬ ডিসেম্বর) সংগঠনের যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং মানবিক দিক বিবেচনায় পরীক্ষাকালীন সময় পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমাদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হলো।”
রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত ৩ ডিসেম্বর থেকে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছিলেন সহকারী শিক্ষকরা। তাদের অভিযোগ অর্থ মন্ত্রণালয় ১০ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে বেতন স্কেল সমন্বয়ের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী ২২ দিনে কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি।
শিক্ষকদের তিন দফা দাবিগুলো হলো—
-
সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডের দাবির পরিপ্রেক্ষিতে আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি,
-
১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে জটিলতা নিরসন,
-
সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
পরীক্ষা চলাকালে কর্মবিরতি স্থগিত থাকলেও দাবিগুলো আদায় না হলে ভবিষ্যতে নতুন আন্দোলন শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংগঠনগুলো।