আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি কবর জিয়ারত ও একটি বড় নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টায় ডা. শফিকুর রহমান শ্রীবরদী উপজেলায় গিয়ে ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন। নিহত রেজাউল করিম শ্রীবরদী থানার জামায়াতের সেক্রেটারি ছিলেন।
কবর জিয়ারত শেষে বেলা সাড়ে ১১টায় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্য জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমির। জনসভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখবেন। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের জন্য দিকনির্দেশনাও দেবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
জনসভাকে কেন্দ্র করে শেরপুর জেলায় জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার রাত ১০টার দিকে জনসভাস্থল পরিদর্শন করেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জেলাগুলোকে উন্নয়নের আওতায় আনার লক্ষ্য নিয়ে জামায়াত কাজ করছে এবং এই জনসভা সে লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনসভায় জামায়াত ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জামায়াতের সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা আমীর আব্দুল করিম, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকীসহ অন্যান্য নেতারা।
এদিকে জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।