দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
তার আগমনকে ঘিরে রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা গেছে, এ জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি সংসদীয় আসনের বিএনপি নেতাকর্মীরা অংশ নেবেন। দুপুর ২টার দিকে জনসভায় তারেক রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ রাজশাহীতে উপস্থিত হয়েছেন।
এর আগে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নেতারা জানান, জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংবাদ সম্মেলনে মহানগর ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে আরও জানা গেছে, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের একটি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর তার আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
সমাবেশ সফল করতে গত কয়েক দিন ধরে মাদ্রাসা মাঠ এলাকায় দিনরাত কাজ করেছেন দলীয় কর্মীরা।
এ বিষয়ে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন,
“এই জনসভায় মানুষের ঢল নামবে। আমাদের ধারণা প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের সমাগম হতে পারে। সে লক্ষ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”