সময়ের আলোচিত তারকা শাকিব খান আবারও চমকে দিলেন দর্শকদের। দেড় মিনিটের একটি ভিডিওতে একসঙ্গে ছয় ভিন্ন লুকে হাজির হয়ে মুহূর্তেই ভাইরাল হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, প্রফেসর, শুটার, বৃদ্ধসহ একাধিক বৈচিত্র্যময় চরিত্রে শাকিব খানকে।
হঠাৎ এত লুক বদলের রহস্য কী এ প্রশ্নে সরব ভক্তদের মধ্যে কৌতূহল। জানা গেছে, একটি জনপ্রিয় প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব। এই বিজ্ঞাপনেই ছয় রূপে ধরা দিয়েছেন ঢালিউডের মেগাস্টার।
ভিডিওতে প্রতিটি চরিত্রে শাকিব খানকে প্রশ্ন করা হয়, ‘নাম্বার ওয়ান কী?’ আর তিনি প্রতিবারই জবাব দেন, ‘ভিটামিন সি!’
নেটিজেনরা বিজ্ঞাপনটির ভিজ্যুয়াল স্টাইল ও শাকিবের লুক নিয়ে দারুণ প্রশংসা করছেন। একই সঙ্গে পরিচালক আদনান আল রাজীবের নির্মাণও সমাদৃত হয়েছে।
এদিকে অনেকেই ভেবেছিলেন, এগুলো হয়তো তাঁর নতুন ছবি সোলজার-এর চরিত্র লুক। তবে এটি শুধুই বিজ্ঞাপনের জন্য ধারণ করা ভিন্নধর্মী উপস্থাপন।