২০১৫ সালের ব্লকবাস্টার বলিউড ছবি বাজরাঙ্গি ভাইজান-এর ছোট্ট মুন্নি “হর্ষালি মালহোত্রা” দীর্ঘ প্রায় এক দশক পর আবার ফিরছেন বড় পর্দায়। দক্ষিণ ভারতীয় সিনেমার হাত ধরে তিনি অভিনয় করছেন তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণর নতুন ছবি অখণ্ড ২-এ। ৬৫ বছর বয়সী এই নায়কের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। এ ছবির মধ্য দিয়েই হর্ষালির তেলুগু চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে।
সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রথম গান উন্মোচন অনুষ্ঠানে বালকৃষ্ণর সঙ্গে হাজির হন হর্ষালি। নতুন লুকে তাকে দেখে দর্শকদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হর্ষালি জানান, বড় পর্দায় ফেরার জন্য তিনি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন। ছবিতে তিনি ‘জনানি’ নামে একটি চরিত্রে অভিনয় করছেন, যা গল্পে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বলে নির্মাণ–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে অখণ্ড ২-এর। ফলে বহু বছর পর হর্ষালির সামনে বড় পরিসরে দর্শকের নজরে আসার সুযোগ তৈরি হচ্ছে। তাঁর প্রত্যাবর্তন কতটা সফল হয়, তা এখন অপেক্ষার বিষয়।