দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে শাহবাগ অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কিছু দূর এগোতেই পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সহকারী শিক্ষকরা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা।
‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠন এই আন্দোলন পরিচালনা করছে—
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম–শাহিন),
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি,
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন–লিপি),
এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
এ ছাড়াও ঢাকা–চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন,
“আলোচনা বহুবার হয়েছে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব।”
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১️⃣ দশম গ্রেডে বেতন নির্ধারণ,
২️⃣ ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান,
৩️⃣ শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়ন।