ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, যারা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন, তারা ব্যালট পাওয়ার সঙ্গে সঙ্গেই ভোট প্রদান করে নির্ধারিত হলুদ খামটি নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেবেন।
শনিবার নির্বাচন কমিশনের এক বার্তায় এ বিশেষ অনুরোধ জানানো হয়।
বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ব্যালট গ্রহণের পর দ্রুত ভোটদান সম্পন্ন করে হলুদ খামটি ডাকযোগে পাঠাবেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার পোস্টাল ভোট প্রদানের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকল ভোটারকে সময়সীমা মেনে ভোট প্রদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সূত্রঃবাসস