কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সংলগ্ন সীমান্তে মিয়ানমার দিক থেকে গুলিবর্ষণের ঘটনায় দেশের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়। এ সময় জানানো হয়, সীমান্ত পেরিয়ে চালানো গুলিতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছেন। বাংলাদেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং দুই দেশের সুপ্রতিবেশী সম্পর্কের পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডে গুলিবর্ষণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন, তাদের সরকার এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আহত শিশুর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।