বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার এমন তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
মাহদী আমিন লিখেছেন, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তার স্ত্রী এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। মায়ের চিকিৎসা যেন কোনোভাবে ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই প্রতিটি পদক্ষেপ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নজরদারি করছেন তারেক রহমান।
হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতিদিন অসংখ্য নেতাকর্মী ভিড় করলেও ইনফেকশনের ঝুঁকির কারণে কাউকে সিসিইউতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। তবে দূর থেকেই নেতাকর্মীরা নেত্রীর প্রতি ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন।
স্ট্যাটাসে আরও বলা হয়েছে, খালেদা জিয়ার কিছুটা শারীরিক উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে লন্ডনের সেই হাসপাতাল এবং চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাদের তত্ত্বাবধানে চলতি বছরের শুরুর দিকে প্রায় চার মাস চিকিৎসা নিয়ে তিনি উল্লেখযোগ্য উন্নতি লাভ করেছিলেন। পাশাপাশি একটি আধুনিক প্রযুক্তিসজ্জিত বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থার উদ্যোগও নেওয়া হচ্ছে।
শেষে মাহদী আমিন আশা প্রকাশ করেন, দেশের মানুষের দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে। আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও জনগণকে অনুপ্রাণিত করবেন, নেতৃত্ব দেবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করার ভূমিকা পালন করবেন।