ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, দেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলিম ধর্মাবলম্বী। ইসলাম ধর্মে আল্লাহকে নিরাকার বলে মানা হয় এবং রোজা রাখা হয় তাঁর সন্তুষ্টির জন্য। যেখানে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি তৈরি করে তাদের পূজা করেন তাই এ দুটি ভিন্ন ধর্মীয় আচরণকে একই উদাহরণে তুলনা করা ধর্মীয়ভাবে সংবেদনশীল ও অগ্রহণযোগ্য।
অভিযোগে আরও বলা হয়, শিশির মনির ইউটিউব চ্যানেল ‘ডিএসএন’-এ প্রচারিত একটি ভিডিওতে রোজা ও পূজাকে “মুদ্রার এপিঠ–ওপিঠ” বলে উল্লেখ করেন। এতে দেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত লাগে এবং সমাজে উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি হয়।
বাদীর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বক্তব্য দিয়ে শিশির মনির রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছেন।
আদালতের নির্দেশে এখন ডিবি পুলিশ অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে।