যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের পণ্যে ধারাবাহিকভাবে পাল্টা শুল্ক আরোপ করায় বিপাকে পড়েছেন দেশটির উদ্যোক্তারা। প্রথমে ২৫ শতাংশ, পরে রাশিয়ার তেল আমদানির কারণে আরও ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক—সব মিলিয়ে ভারতের রপ্তানিকারকদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে জটিল।
পরামর্শক সংস্থাগুলোর তথ্য বলছে, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকেই ভারতীয় ব্যবসায়ীরা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কারখানা স্থানান্তরের ব্যাপারে তৎপর হয়েছেন। কেউ ভাবছেন যৌথ উদ্যোগে বিনিয়োগ, কেউ বা নতুন উৎপাদনকেন্দ্র গড়ার কথা ভাবছেন।
সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে ভারতের গয়না শিল্প। কারণ ভারত থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক গুনতে হবে। এতে মার্কিন বাজারে প্রতিযোগিতা করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। ফলে বেশ কয়েকটি ভারতীয় প্রতিষ্ঠান এখন ইউএইতে গয়নার ডিজাইন ও উৎপাদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছে।
দুবাইভিত্তিক গয়না ব্যবসায়ী আনাইল ধানক অবশ্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষায়, “ট্রাম্প ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পাল্টান। এখনই বড় কোনো পদক্ষেপ নিলে ঝুঁকি বাড়তে পারে।” তিনি আরও বলেন, স্বর্ণের দাম বর্তমানে অনেক বেশি হওয়ায় ব্যবসা টিকিয়ে রাখাই এখন কঠিন হয়ে পড়েছে।
তবে সব খাত একসঙ্গে শুল্কের আওতায় পড়েনি। ভারতের ওষুধ ও প্রযুক্তিপণ্য আপাতত ছাড় পাচ্ছে। ফলে দেশ থেকে তৈরি অ্যাপলের আইফোন যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে শুল্ক দিতে হবে না।