জুনে শ্রীলঙ্কা সিরিজের পর টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকেই বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বের আসনটি খালি পড়ে আছে। দীর্ঘদিন ধরে ক্রিকেট মহলে চলছে জল্পনা—কে হবেন লাল বলের নতুন অধিনায়ক?
আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ সামনে রেখে সেই আলোচনা এখন আরও জোরালো। ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন, শান্তর স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পেতে পারেন লিটন দাস।
তবে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এমন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি বলে জানিয়েছেন লিটন নিজেই। আজ (রবিবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে উইকেটরক্ষক-ব্যাটার বলেন,
“খুব কঠিন আসলে (কিছু বলা)। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু জানি না আমি। তারা যদি মনে করে (আমি) যোগ্য, অবশ্যই তারা আমার সঙ্গে আলাপ করবেন। দেখা যাক, কী সিদ্ধান্ত হয়।”
অধিনায়কত্বের দায়িত্ব পেলে সেটি নিজের জন্য বড় অর্জন বলেই মনে করেন লিটন। তিনি বলেন,
“অবশ্যই, একজন ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করা অনেক বড় পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে। তবে তাদের (বিসিবি) পক্ষ থেকে এখনো কোনো বার্তা আসেনি।”
টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বর্তমানে দায়িত্ব পালন করছেন লিটন দাস। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ২৮ অক্টোবর।
এদিকে টেস্ট দলের নেতৃত্ব নিয়ে বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা—লিটনের মতো অভিজ্ঞ ক্রিকেটারের হাতেই উঠতে পারে সাদা পোশাকের নেতৃত্বের ভার।