থ্রিলার নির্মাতা ভিকি জাহেদের নতুন নাটক ‘খোয়াবনামা’ ইতিমধ্যেই আলোচনায়। নাটকের পোস্টারেই দেখা যাচ্ছে—অভিনেতা তৌসিফ মাহবুব কবরে শুয়ে আছেন, আর তার শরীরজুড়ে কিলবিল করছে জ্যান্ত সাপ!
দৃশ্যটি নিছক গ্রাফিক্স নয়, একেবারে বাস্তব। নিজেই জানিয়েছেন তৌসিফ। শুটিংয়ের জন্য তাকে কাফনের কাপড়ে মুড়িয়ে কবরে শুইয়ে দেওয়া হয় এবং তার শরীরের ওপর ছেড়ে দেওয়া হয় ছয়টি জ্যান্ত সাপ। এ অভিজ্ঞতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর দর্শকের মধ্যে তৈরি হয়েছে তীব্র আলোচনার ঝড়।
বাস্তবে সাপকে ভীষণ ভয় পান অভিনেতা। তাই শুটিংয়ের আগে নির্মাতা ভিকি জাহেদকে অনুরোধ করেন, যেন সবচেয়ে শেষে ওই দৃশ্য ধারণ করা হয়। তৌসিফ বলেন—
“জীবিত হয়েও কবরে শুয়ে থাকা, কাফনের কাপড় পরা, আর সাপের সঙ্গে ৩০ মিনিট কাটানো—এটা আমার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা। সেই সময়টা যেন ৩০ বছরের মতো লম্বা মনে হচ্ছিল। কয়েকজন প্রিয়জনকে ফোন করে মাফও চেয়েছিলাম। মৃত্যুভয়, কবরের ভয় আর সাপের ভয়—সব একসঙ্গে জয় করতে হয়েছে।”
তবে নাটকের গল্প নিয়ে এখনই মুখ খোলেননি অভিনেতা। শুধু জানিয়েছেন—
“এটা হরর, থ্রিলার, নাকি রোমান্স—তা আপাতত বলব না। তবে পোস্টার আর টিজার দেখলেই দর্শক আগ্রহী হবেন।”