লালমনিরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলু ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির পর তিনি জনগণের পাহারাদার হিসেবে কাজ করবেন।
গত সোমবার সন্ধ্যা ৬টায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত ষষ্ঠ দিনের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
দুলু বলেন, এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যেন শান্তি ও শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করতে পারে এবং ধর্মীয় উৎসবগুলো আনন্দঘনভাবে উদযাপন করতে পারে—এ বিষয়টি নিশ্চিত করা বিএনপির দায়িত্ব।
তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। রাষ্ট্রের মালিকানা সব মানুষের, ধনী-গরিব, সমতল-পাহাড়ি নির্বিশেষে। তবে দীর্ঘদিন ধরে এই মালিকানা ক্ষুণ্ন করা হয়েছে এবং দেশকে সঠিক পথে ফেরাতে বিএনপি ধারাবাহিকভাবে সংগ্রাম করে যাচ্ছে।
নির্বাচন প্রসঙ্গে দুলু বলেন, হাট-বাজারসহ সর্বত্র ভোট ও প্রার্থী নিয়ে আলোচনা চলছে। জনগণের সেই আলোচনার মধ্য দিয়েই সমাধানে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
দলীয় অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা দেওয়ার পাশাপাশি সশস্ত্র যুদ্ধে অংশ নেন। ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পরও প্রত্যাশিত বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি।
বক্তব্যের শেষ পর্যায়ে দুলু জানান, নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন। অতীতে স্বল্প সময় দায়িত্বে থেকেও এলাকায় উন্নয়নের নজির স্থাপন করেছিলেন। বর্তমানে সেই উন্নয়নের ধারাবাহিকতা নেই। তাই উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মহিউদ্দিন লিমন, জেলা যুবদলের সহ যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাভলু ও জেলা ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
সুত্রঃবাসস