স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে বক্তব্যে সালাহউদ্দিন আম্মার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা ঘাতকদের ধরতে পুরস্কার ঘোষণা করে তামাশা করছেন। এমন ব্যর্থতার পর তার দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। তিনি বলেন, যে বা যারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে পারবেন, তাদের এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।
এর আগে বিকেল ৩টার দিকে ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে সমাবেশ শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, সমাবেশ শুরুর আগেই শহীদ মিনার এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের পর থেকেই মঞ্চ প্রস্তুত, চেয়ার সাজানো এবং ব্যানার–ফেস্টুন টানানোর মাধ্যমে আয়োজন সম্পন্ন করা হয়। সমাবেশে গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে হামলার প্রতিবাদ জানানো হয় এবং সহিংসতার বিরুদ্ধে অবস্থান তুলে ধরা হয়।
সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানান এবং দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি তোলেন। আয়োজকরা জানান, এই সমাবেশের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানানো হয়েছে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলযোগে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।