মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাঁর পক্ষে ফেসবুকে ফটোকার্ড পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাকে গতকাল সোমবার রাতে আটক করেছে পুলিশ।
ঢাবি প্রক্টরিয়াল টিম ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে তাঁর বাসার সামনে জড়ো হলে শাহবাগ থানা–পুলিশ গিয়ে তাঁকে আটক করে। আজ মঙ্গলবার শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, সন্ত্রাসবিরোধী আইনের আগের একটি মামলায় লাভলুর সম্পৃক্ততা পাওয়া গেছে এবং সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।
আটক হওয়ার আগে প্রচারিত ভিডিও বার্তায় লাভলু দাবি করেন, তিনি কোনো অন্যায় করেননি এবং শেখ হাসিনা দেশে ফিরবেন বলে মন্তব্য করেন।
গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করে।