ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ দলের একাংশের নেতা–কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাসিরনগর উপজেলা সদর, ফান্দাউক ও কুণ্ডা এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ হান্নানকে দলীয় প্রার্থী করা হয়েছে। প্রথমবারের মতো মনোনয়ন পাওয়া এই প্রার্থীকে পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মামুনকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছেন তাঁর সমর্থকেরা।
সকালে নাসিরনগর উপজেলা সদরের শহীদ মিনার ও উপজেলা পরিষদের সামনে কামরুজ্জামানের অনুসারীরা জড়ো হন। ‘উপজেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন’ ব্যানারে মানববন্ধন শেষে সেখানে বিক্ষোভও করেন তারা।
রেজিয়া বেগম নামের এক সমর্থক বলেন, কামরুজ্জামান মামুন দলের জন্য নিবেদিতপ্রাণ এবং সাধারণ মানুষের নেতা। তাই তাঁকে মনোনয়ন দেওয়ার দাবিতে তারা ঐক্যবদ্ধ হয়েছেন। কামরুজ্জামান মামুনও দাবি করেন, ঘোষিত প্রার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও পরাজিত হওয়ায় স্থানীয় মানুষের মনোনয়ন পরিবর্তনের দাবি জোরালো হয়েছে।
অন্যদিকে বিএনপির প্রার্থী এম এ হান্নান বলেন, তৃণমূলে রাজনীতি করেও মনোনয়ন পাওয়া সম্ভব—এ কথা বিএনপির হাইকমান্ড প্রমাণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, প্রথমবারের মতো আসনটি বিএনপিকে উপহার দিতে পারবেন।
একই দাবিতে ফান্দাউক ও কুণ্ডা এলাকাতেও তাঁর অনুসারীরা মানববন্ধন করেন।