বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অসুস্থতার কারণে বিজয়ের মাসে পরিকল্পিত ‘মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।
আজ রোববার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সর্বশেষ সংবাদ অনুযায়ী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন আসেনি। বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ডও এখনো কোনো পরামর্শ দেয়নি।
আগামী ১ ডিসেম্বর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মশাল রোড শোর উদ্বোধনের কথা ছিল। সেখান থেকেই বিএনপির বিজয়ের মাস উদ্যাপন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে কর্মসূচিটি স্থগিত করা হয়েছে বলে জানান রিজভী।
তিনি বলেন, সারা দেশে ব্যাপক প্রস্তুতি চলছিল। কালুরঘাট থেকে শুরু হয়ে বিভিন্ন বিভাগে রোড শো ও সভার পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সেটি আপাতত বন্ধ রাখা হয়েছে। খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনাও করেন তিনি।
তারেক রহমান দেশে ফিরবেন কবে এ প্রশ্নে রিজভী বলেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর ফেরার কোনো আপডেট নেই। তিনি মায়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছেন এবং নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোড শোর পরিকল্পনা তুলে ধরেছিলেন। ১ ডিসেম্বর শুরু হয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল।