আগামী নির্বাচনে দেশের মা-বোনেরা জামায়াতকে বেছে নেবে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে ইতোমধ্যেই তারা ইতিবাচক লক্ষণ দেখতে পাচ্ছেন। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় জনগণের প্রতি তার শতভাগ আস্থা রয়েছে বলেও জানান তিনি।
জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। তার ভাষায়, তারা কেবল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান।
তবে নির্বাচন সুষ্ঠু নাও হতে পারে এমন আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, কোনো শঙ্কা দেখা দিলে প্রথমে তা নির্বাচন কমিশনকে জানানো হবে। সেখান থেকে সমাধান না এলে বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায়, তাহলে জনগণ আর কবে তাদের ভোটাধিকার ফিরে পাবে তা অনিশ্চিত হয়ে পড়বে।
এ সময় তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের কিছু গণমাধ্যম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে। অভ্যুত্থানের সময়েও একই ধরনের ভূমিকা দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, তারা চান গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। গণমাধ্যম বা প্রশাসন যদি পক্ষপাতমূলক ভূমিকা নেয়, তাহলে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। জনগণ সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং কাউকে বোকা ভাবার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।












