ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন।
আজ রবিবার দুপুর ১২টায় রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত রয়েছেন। এ ছাড়া বৈঠকে চার নির্বাচন কমিশনারও অংশ নেন।
নির্বাচন ও গণভোটকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভোটের আগে ও পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নির্ধারণ করতেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে আজই দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা সংক্রান্ত আরেকটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এন নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠকে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের আগে ও পরে মোট পাঁচ দিন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী ভোটের আগে ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।