ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর ক্যামব্রিজের কাছে একটি ট্রেনে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং সন্ত্রাসবিরোধী ইউনিটও তদন্তে সহায়তা করছে। পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট ক্রিস কেসি বলেন, “আমরা জরুরি ভিত্তিতে তদন্ত চালাচ্ছি। কী ঘটেছে তা জানতে কিছুটা সময় লাগবে। এখনই কারণ নিয়ে অনুমান করা ঠিক হবে না।”
ক্যামব্রিজশায়ার পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে হান্টিংডন স্টেশনে ঘটনাস্থলে তাদের ডাকা হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্সে দেওয়া এক বিবৃতিতে ঘটনাটিকে “ভয়াবহ” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “হান্টিংডনের কাছে ট্রেনে ঘটে যাওয়া এ হামলাটি অত্যন্ত উদ্বেগজনক। ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার সহমর্মিতা রইল এবং দ্রুত ব্যবস্থা নেওয়ায় জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।” তিনি এলাকাবাসীকে পুলিশি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।