র স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে উৎসাহ দিতে আর্থিক সহায়তা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চলতি বছরের শেষ নাগাদ যারা স্বেচ্ছায় দেশত্যাগ করবেন, তাদের প্রত্যেককে ৩ হাজার ডলার করে সহায়তা দেওয়া হবে।
মঙ্গলবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে জানানো হয়, এর আগে স্বেচ্ছায় ফেরত যাওয়ার ক্ষেত্রে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল। নতুন সিদ্ধান্তে তা তিন গুণ বাড়ানো হয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, নগদ সহায়তার পাশাপাশি অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরার জন্য বিনা মূল্যে বিমান টিকিটও দেওয়া হবে। বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এই সুযোগ গ্রহণ করে স্বেচ্ছায় দেশত্যাগ করলে আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে।
এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেন, অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের এই সুযোগ কাজে লাগানো উচিত। অন্যথায় তাদের শনাক্ত করে গ্রেপ্তার ও জোরপূর্বক বহিষ্কার করা হবে, সেক্ষেত্রে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফেরার সুযোগ থাকবে না।
প্রশাসনের তথ্যমতে, স্বেচ্ছায় প্রত্যাবাসনের আবেদন প্রক্রিয়া সহজ করতে ‘সিবিপি হোম’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে অভিবাসীরা সরাসরি দেশত্যাগের আবেদন করতে পারবেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের হিসাব অনুযায়ী, একজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার, আটক ও জোরপূর্বক বহিষ্কার করতে সরকারের গড়ে প্রায় ১৭ হাজার ডলার ব্যয় হয়। সে তুলনায় স্বেচ্ছায় প্রত্যাবাসনে ৩ হাজার ডলার ব্যয় সরকারের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী।
প্রসঙ্গত, ক্ষমতা গ্রহণের সময় ট্রাম্প প্রতি বছর ১০ লাখ অভিবাসীকে প্রত্যাবাসনের অঙ্গীকার করেছিলেন। চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৬ লাখ ২২ হাজার অভিবাসীকে প্রত্যাবাসন করা হয়েছে। আগামী বছর থেকে এ কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনার কথাও জানিয়েছে মার্কিন প্রশাসন।