ভূমিকম্পের ঝুঁকি এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের ক্লাস ও পরীক্ষা আগামী ১৫ দিন বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আজ রবিবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
রবিবার (২৩ নভেম্বর) ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রসেস চলমান রয়েছে।’ একই সঙ্গে কোন অঞ্চলে বাসের চাহিদা বেশি, তা জানাতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ বিষয়ে আসিফ আব্দুল্লাহ জানান, আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) দুপুরের পর থেকে বিভাগীয় শহরগুলোর উদ্দেশে বাস সার্ভিস দেওয়া শুরু হবে। শিক্ষার্থীদের প্রয়োজন ও চাহিদার ভিত্তিতেই বাস বরাদ্দ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।