চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় কাস্টমসের দুই কর্মকর্তার গাড়ি থামিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান জানান, অফিসে যাওয়ার পথে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে তাদের গাড়ি থামিয়ে কাচ ভাঙচুর করে। এ সময় হামলাকারীদের একজন অন্যজনকে বারবার ‘গুলি কর’ বলে হুমকি দেয়। একজনের হাতে থাকা চাপাতি দিয়ে গাড়িতে প্রথম কোপও দেওয়া হয়। আসাদুজ্জামান ও সহকারী রাজস্ব কর্মকর্তা বদরুল আরেফিন কোনোরকমে গাড়ি থেকে নেমে গলির ভেতর আশ্রয় নেন।
তিনি বলেন, কাস্টমসের অনিয়ম চিহ্নিত করে প্রতিদিন গড়ে ১০–১২টি মামলা করা হয়। এ কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের হুমকি পাচ্ছেন তারা।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ জানান, দুই কর্মকর্তার নেতৃত্বে সম্প্রতি নিষিদ্ধ পপি বীজ, ঘন চিনি এবং কসমেটিকস আমদানিতে জড়িত একটি সিন্ডিকেটের অনিয়ম শনাক্ত করা হয়েছিল। এসব কারণেই হুমকি ও হামলার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ডবলমুরিং থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার খায়রুল বাসার জানান, তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৬ অক্টোবর প্রাণনাশের হুমকি পাওয়ার ঘটনায় বন্দর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন কর্মকর্তা আসাদুজ্জামান।