চ্যাম্পিয়নস লিগ মানেই ইউরোপীয় ফুটবলের উত্তাপ, আর অ্যানফিল্ডে সেই উত্তাপ যেন আরও বেড়ে যায়। সেই আগুনের সামনে টিকতে পারল না রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বে লিভারপুলের কাছে ১-০ গোলে হেরে চলতি মৌসুমে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেল লা লিগা জায়ান্টরা।
৬১ মিনিটে আসে ম্যাচের নির্ধারক মুহূর্ত। ডমিনিক সোবজলাইয়ের নিখুঁত ফ্রি-কিক বক্সে উঠলে হেড করে জালে পাঠান ম্যাক অ্যালিস্টার। অ্যানফিল্ডে তখন উল্লাসের ঝড়।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবলে আধিপত্য দেখায় লিভারপুল। একের পর এক আক্রমণে মাদ্রিদের রক্ষণ ব্যস্ত হয়ে পড়ে। গোলরক্ষক থিবো কোর্তোয়া আটটি সেভ করেও দলকে বাঁচাতে পারেননি।
রিয়ালের তারকা কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামকে কার্যত ‘নিষ্প্রভ’ করে দেয় লিভারপুলের রক্ষণভাগ। যদিও বেলিংহাম চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে ৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়েন, তবু মাঠে তার ছন্দ খুঁজে পাওয়া যায়নি। পুরো ম্যাচে রিয়াল মাত্র দুইটি অন-টার্গেট শট নিতে সক্ষম হয়।
সাবেক লিভারপুল তারকা ও বর্তমান মাদ্রিদ কোচ জাবি আলোনসোর জন্যও এটি অ্যানফিল্ডে আরেকটি হতাশার রাত। এর আগেও লেভারকুজেনের কোচ হিসেবে এই মাঠে ৪-০ গোলে হেরেছিলেন তিনি।
অন্যদিকে নতুন কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুলের এটি ১৪তম চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ১১তম জয়। মৌসুমের শুরুতে টলোমলো ফর্মের পর দলটি এখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
তবে ম্যাচের এক আবেগঘন মুহূর্ত আসে যখন সাবেক অ্যানফিল্ড প্রিয়পাত্র ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড রিয়ালের জার্সিতে বদলি হিসেবে মাঠে নামেন। তার বল ছোঁয়ার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে ওঠে শিস—প্রেম ও বেদনার মিশেল যেন একসঙ্গেই বাজতে থাকে অ্যানফিল্ডে।