ভারতের ক্রিকেট তারকা অভিষেক শর্মা ইতিহাস গড়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) হায়দরাবাদে সৈয়দ মুশতাক আলি ট্রফির এলিট গ্রুপ ‘সি’-ম্যাচে সার্ভিসেসের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন ২৩ বছর বয়সী এই ব্যাটার।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করা অভিষেক তার দ্বিতীয় ছক্কাটিই পৌঁছে দেয় নতুন রেকর্ডে। শেষ পর্যন্ত তিনি ৩৪ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন।
চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে ৪৭ ছক্কা, আইপিএল ২০২৫-এ ১৪ ম্যাচে ২৮ ছক্কা এবং সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ৬ ম্যাচে ২৬ ছক্কা হাঁকিয়েছেন। মোট মিলিয়ে ৩৭ ম্যাচে ১০১টি ছক্কা যা তাকে ভারতীয় ক্রিকেটে অনন্য স্থানে দাঁড় করিয়েছে।
ভারতের আগের রেকর্ডও ছিলেন অভিষেকের ২০২৪ সালে ৮৭ ছক্কা। তার আগে জাতীয় রেকর্ডে ছিলেন সূর্যকুমার যাদব (৮৫ ছক্কা, ২০২২)। বিশ্বজুড়ে এক বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিকোলাস পুরানের (১৭০ ছক্কা, ৭৬ ম্যাচ, ২০২৪)।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাত্র ৩টি ছক্কা মারলেই অভিষেক প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এক বছরে ৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছক্কা হাঁকানোর রেকর্ডও স্পর্শ করবেন।