হলিউডজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। টাইম ম্যাগাজিনকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, এআই যতই নিখুঁত হোক, মানুষের সৃষ্টির গভীর অনুভূতি বা হৃদয়ের ছাপ কখনোই তৈরি করতে পারবে না। তাই এটিকে প্রকৃত শিল্প বলা যায় না।
ডিক্যাপ্রিও বলেন, এআই নতুন বা শিক্ষানবীশ নির্মাতাদের জন্য একটি সহায়ক টুল হিসেবে কাজে লাগতে পারে, ভিজ্যুয়াল বা কাজের নতুনত্ব আনতে পারে। কিন্তু মানুষের চিন্তা, আবেগ, বাস্তব অভিজ্ঞতা এগুলো দিয়ে যে শিল্প গড়ে ওঠে, তা কেবল মানুষই তৈরি করতে পারে।
তার ভাষায়, মানুষের তৈরি শিল্প সময়ের পরীক্ষায় টিকে থাকে, স্মৃতি তৈরি করে এবং অনুভূতির ছাপ রেখে যায়। কিন্তু এআই-নির্মিত কাজ সাময়িক উত্তেজনা তৈরি করলেও মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে না।
উদাহরণ হিসেবে তিনি বলেন, মাইকেল জ্যাকসন ও উইকেন্ডের মিশ্রণ কিংবা অ্যাল গ্রিনের স্টাইলে তৈরি কোলাব— এসব এআই-নির্মিত গান মুহূর্তের জন্য আকর্ষণীয় হলেও দ্রুতই ইন্টারনেটের ভিড়ে হারিয়ে যায়।
হলিউডে এআই-কে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। এআই-নির্মিত নায়িকা টিলি নরউডের আবির্ভাবের পর থেকে উদ্বেগ আরও বেড়েছে। বিভিন্ন শিল্পীরা প্রকাশ্যে এর বিরোধিতা করছেন। সম্প্রতি পরিচালক গিলেরমো দেল তোরো ‘গোথাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়েন। এখানেই সীমাবদ্ধ না থেকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিনেমায় এআই ব্যবহারের চেয়ে মরাই ভালো।
ডিক্যাপ্রিওর মতে, প্রযুক্তি যতই এগোক, প্রকৃত শিল্পের উৎস মানুষই। আর সেই অনুভূতিই শিল্পকে দীর্ঘস্থায়ী করে।