অর্থ মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ২২ দিন পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বুধবার (৩ ডিসেম্বর) থেকে তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতারভাবে পরীক্ষা বর্জন ও বিদ্যালয় শাটডাউন কর্মসূচি চলবে।
সংগঠনটির নেতারা জানান, দ্রুত যৌক্তিক দাবি পূরণ করে অচলাবস্থা দূর করার পাশাপাশি শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরতে সুযোগ দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
দাবিগুলো হচ্ছে—সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।
বিবৃতিতে আরও জানানো হয়, আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার আহ্বায়ক ও ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকদের শোকজের প্রতিবাদে বুধবার বেলা ১১টায় দেশের প্রতিটি উপজেলা শিক্ষা অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গতকাল বিকেল ৪টায় সারাদেশের প্রতিটি জেলা থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও সংগঠনটি জানিয়েছে।