ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় দোষীদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।
তিনি বলেন, ‘আসামি ধরার প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করছি, সবার সহযোগিতায় খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি জানান, আগে কেবল সরকারি কর্মচারীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো। এখন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরাও প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স পাবেন। পাশাপাশি যেসব বৈধ অস্ত্র আগে জমা নেওয়া হয়েছিল, সেগুলোও ফেরত দেওয়া হবে।
জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের জামিন প্রসঙ্গে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গ্রেপ্তার আইনশৃঙ্খলা বাহিনীর কাজ, আর জামিন দেওয়ার এখতিয়ার আদালতের। তবে অভিযুক্তদের পুনরায় আইনের আওতায় আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হবে।