‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে অভিনেত্রী সাবিলা নূরের। সেই শুরু থেকেই একের পর এক সিনেমার প্রস্তাব পাচ্ছেন তিনি। সাম্প্রতিক আলোচনায় ছিল মেহেদী হাসান পরিচালিত নতুন সিনেমা ‘রাক্ষস’যেখানে সাবিলা নূরকে দেখা যাবে বলে খবর ছড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত সিনেমাটি করছেন না তিনি।
জানা গেছে, এ বছরের ডিসেম্বরেই শুরু হবে ‘রাক্ষস’-এর শুটিং, যেখানে নায়ক হিসেবে চূড়ান্ত হয়েছেন সিয়াম আহমেদ। একই সময়ে শুরু হবে তানিম রহমান অংশু পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ যেখানে অভিনয় করবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সাবিলা নূর।
একই মাসে দুই সিনেমার শুটিং সময় মিলে যাওয়ায় ‘রাক্ষস’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সাবিলা নূর।
তিনি বলেন, “তানিম ভাইয়ের সঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে অনেক আগে থেকেই কথা হচ্ছিল। এর মধ্যে ‘রাক্ষস’ নিয়েও আলোচনা এগোয়। কিন্তু দুই ছবির শুটিং একই সময়ে হওয়ায় একটি বেছে নিতে হয়েছে। উভয় পরিচালকই স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে বলেছেন, কিন্তু আমি মনে করেছি একসঙ্গে দুই কাজ করলে মনোযোগ ধরে রাখা কঠিন হবে। তাই একটি চরিত্রেই সম্পূর্ণ মনোযোগ দিতে চাই।”
অন্যদিকে, ‘রাক্ষস’-এর পরিচালক মেহেদী হাসান জানিয়েছেন, “আমরা এখন নতুন নায়িকা খুঁজছি। কয়েকজনের সঙ্গে কথা চলছে। শুটিং শুরু হওয়ার আগে চূড়ান্ত নাম ঘোষণা করা হবে।”