আজ মঙ্গলবার সারাদেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার নবমবারের মতো দিবসটি উদ্যাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসের মূল কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় সড়ক ভবনের মূল ফটক থেকে হাতিরঝিল পর্যন্ত এক র্যালি অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।
২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর থেকে প্রতিবছর এ দিবসটি পালন করে আসছে সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠন, যার মধ্যে অন্যতম ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’।
প্রায় তিন দশক আগে এই দিনেই চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। সেই মর্মান্তিক ঘটনাই তাকে নিরাপদ সড়কের আন্দোলনে যুক্ত করে তোলে। পরবর্তীতে ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগান নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন সামাজিক সংগঠন নিসচা।
নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত তদারকি, মানসম্মত হেলমেট ব্যবহার ও নিয়ন্ত্রিত গতিই পারে সড়কে মৃত্যুহার কমাতে।