ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণ করেন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের— অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের ডিসেম্বরে ঘোষণা করা হবে নির্বাচনে তফসিল।
নির্বাচনের রোডম্যাপ নিয়ে ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার দুই মাস আগে হেলিকপ্টার সহায়তার প্রয়োজন হবে— এমন ভোটকেন্দ্র বাছাই করে সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিপ্যাড, যাত্রা শুরু ও শেষ এবং প্রাসঙ্গিক অন্যান্য তথ্য জানানোর জন্য জেলা নির্বাচন অফিসার, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িকে নির্দেশনা দেওয়া হবে।
এ ছাড়া, তফসিল ঘোষণার ১০ দিন আগে নিকটবর্তী টেকঅফ ও ল্যান্ডিং স্টেশন নির্দিষ্ট করে সম্ভাব্য ভোটকেন্দ্র ও কক্ষ সংখ্যার ভিত্তিতে যাতায়াতের জন্য ভোটগ্রহণ কর্মকর্তা নির্ধারণ করে হেলিকপ্টার সহায়তা সংক্রান্ত প্রস্তাবনা প্রস্তুত করতে হবে।
ভোটকেন্দ্র ঘিরে পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রতি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী রাখার চিন্তা করছি। ভোটগ্রহণের ৩০ দিন আগেই আমরা এই সংখ্যা প্রকাশ করবো।
এছাড়া সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে। আশা করছি, ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত হবে।