বিশেষ পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে থাকবেন কি না এ সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বলেই মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জয়শঙ্কর বলেন, “তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। সেই পরিস্থিতিরই সরাসরি প্রভাব রয়েছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাঁকেই নিতে হবে।”
গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সাম্প্রতিক সময়ে আন্দোলন দমনে হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার পর অন্তর্বর্তী সরকার তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। তবে নয়াদিল্লি সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ভারত–বাংলাদেশ সম্পর্কের বর্তমান উত্তেজনা প্রসঙ্গে রাহুল কানওয়ালের প্রশ্নে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে নয়াদিল্লির সুস্পষ্ট অবস্থান রয়েছে। তিনি বলেন, “বাংলাদেশে আগের নির্বাচনগুলো কীভাবে পরিচালিত হয়েছে তা নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে। সমস্যা যদি নির্বাচন হয় তাহলে সুষ্ঠু নির্বাচনই প্রথম সমাধান।”
দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতির আশাবাদ ব্যক্ত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটালেই সম্পর্ক আরও পরিপক্ব হবে। আমি নিশ্চিত, যেকোনো ফলেই দুই দেশের সম্পর্ক ভারসাম্যপূর্ণ থাকবে।”