বেলুচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করে বিতর্কে জড়ালেন বলিউড তারকা সালমান খান। সেই মন্তব্যের জের ধরে পাকিস্তান সরকার তাকে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘সিডিউল–৪’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। দেশটির এই তালিকা মূলত ‘ব্ল্যাকলিস্ট’ নামে পরিচিত, যেখানে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজনদের নাম থাকে।
ভারতীয় গণমাধ্যম মিড-ডে জানিয়েছে, পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে সালমানের প্রবেশ ও কার্যক্রম নিষিদ্ধ হবে।
ঘটনার সূত্রপাত সৌদি আরবে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’-এ। সেখানে শাহরুখ খান ও আমির খানের সঙ্গে উপস্থিত থেকে সালমান বলেন, “এখানে বেলুচিস্তান থেকে এসেছে, আফগানিস্তান থেকে এসেছে, পাকিস্তান থেকেও এসেছে—সবাই কাজ করছে।”
এই মন্তব্যেই ক্ষুব্ধ হয় পাকিস্তান সরকার, কারণ সালমান বেলুচিস্তান ও পাকিস্তানকে দুটি পৃথক দেশ হিসেবে উল্লেখ করেন—যা ইসলামাবাদের কাছে সংবেদনশীল ইস্যু।
পাকিস্তানে সালমানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলেও ভারতীয় সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, সালমানের বক্তব্যকে “ভুলভাবে ব্যাখ্যা” করা হয়েছে, তিনি কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাননি।