কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে গত সপ্তাহে ভারতজুড়ে বাণিজ্যিক সফরে অংশ নেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামির এই সফরে তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। তবে ফুটবল প্রদর্শনীর চেয়েও বেশি আলোচনায় আসে কলকাতার সল্টলেক স্টেডিয়ামের বিশৃঙ্খলার ঘটনা।
ঘটনাটি আদালত ও তদন্তের পর্যায়ে গড়ালে বিশেষ তদন্ত দল জানতে পারে, পুরো সফরের জন্য মেসি একাই পেয়েছেন ৮৯ কোটি রুপি। সফরের মোট ব্যয় ছিল ১০০ কোটি রুপি। কলকাতার ঘটনায় আটক প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত দল। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা পিটিআই।

জিজ্ঞাসাবাদে শতদ্রু দত্ত জানান, মেসিকে দেওয়া ৮৯ কোটি রুপির পাশাপাশি ভারত সরকারকে কর হিসেবে পরিশোধ করা হয়েছে ১১ কোটি রুপি। অর্থের উৎস হিসেবে তিনি দাবি করেন, মোট অর্থের ৩০ শতাংশ এসেছে স্পনসরদের কাছ থেকে এবং ৩০ শতাংশ এসেছে টিকিট বিক্রি থেকে।

তদন্তের অংশ হিসেবে শতদ্রু দত্তের একটি ব্যাংক হিসাব জব্দ করে সেখানে ২০ কোটির বেশি রুপি পাওয়া গেছে। তার দাবি, এ অর্থ কলকাতা ও হায়দরাবাদের ইভেন্টের টিকিট বিক্রি ও স্পনসরদের কাছ থেকে এসেছে। তবে তদন্তকারীরা এ দাবি যাচাই করছেন। গত শুক্রবার তার বাড়িতে অভিযান চালিয়ে একাধিক নথি জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে মেসিকে একনজর দেখার জন্য বিপুল দর্শক উপস্থিত হন। মাঠে নামার পর তাকে ঘিরে ধরেন ৭০ থেকে ৮০ জন ব্যক্তি, ফলে গ্যালারি থেকে তাকে দেখা যাচ্ছিল না। এতে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে দফায় দফায় ধাওয়া দিতে হয়।
ঘটনার পর শতদ্রু দত্তকে হায়দরাবাদ যাওয়ার পথে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। ১৪ ডিসেম্বর তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। পুরো ঘটনা তদন্তে পশ্চিমবঙ্গ সরকার চারজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে নিয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে।