আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালানো থেকে দলের সব প্রার্থীকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় জামায়াত মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটায় এই সিদ্ধান্ত নেয় দলটি।
সোমবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র্যালি বা শোভাযাত্রা করতে গিয়ে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তাই আমিরে জামায়াত সারাদেশের জেলা ও মহানগর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল-ভিত্তিক সব ধরনের প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করেছেন।
তিনি আরও জানান, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল পর্যায়ের নেতা–কর্মীদের প্রচারণায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।