বাংলাদেশ না খেললে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি: বিসিবি সভাপতি

টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আইসিসির দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা বা আল্টিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। উল্টো বাংলাদেশ দল না খেললে আইসিসির বড় ধরনের দর্শক ও আর্থিক ক্ষতির আশঙ্কার কথা তুলে ধরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ক্রিকেটার, বিসিবি ও সরকারের নীতিনির্ধারকদের মধ্যে দীর্ঘ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইসিসি কোনোভাবেই এমন আল্টিমেটাম দিতে পারে না। বাংলাদেশ তাদের আগের অবস্থানেই অনড় থাকবে এবং ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতে আবারও আইসিসির সঙ্গে আলোচনা করবে।

বিসিবি সভাপতি বলেন, বাংলাদেশ না খেললে আইসিসি প্রায় ২০ কোটি দর্শক হারাবে। এই ক্ষতি শেষ পর্যন্ত আইসিসিরই হবে।

তিনি আরও জানান, শ্রীলঙ্কাকে ‘সহ-আয়োজক’ হিসেবে মানতে রাজি নয় বিসিবি। এ ব্যবস্থাকে তিনি ‘হাইব্রিড মডেল’ হিসেবে উল্লেখ করেন এবং আইসিসির সভায় এ নিয়ে যে আলোচনা হয়েছে, তাতে বিস্ময় প্রকাশ করেন।

এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সরকারের অবস্থান স্পষ্ট করে বলেন, ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্তটি রাষ্ট্রীয়। তিনি জানান, সরকার এখনো আশাবাদী যে আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে।

বৈঠকে ক্রিকেটাররা খেলার আগ্রহ প্রকাশ করলেও নিরাপত্তাজনিত কারণে সরকারের নীতিগত সিদ্ধান্তই চূড়ান্তভাবে গৃহীত হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার আইসিসি বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা নাকচ করে জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে না এলে বাংলাদেশের জায়গায় অন্য একটি দলকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হতে পারে।

তবে সর্বশেষ বৈঠকের পর বিসিবির পুনরায় আলোচনার প্রস্তাব দেওয়ায় বিষয়টি এখন আরও জটিল রূপ নিয়েছে। এখন অপেক্ষা, আইসিসি বাংলাদেশের বড় দর্শকবাজারের বিষয়টি বিবেচনায় নিয়ে নমনীয় অবস্থান নেয়, নাকি বিকল্প দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্তে এগোয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *