ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় ও সংশয় ততই কেটে যাবে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, প্রবাসী ভোটার, নির্বাচনকাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
ভোটের পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক দলসহ দেশের সবাই ভোট চায় এবং দেশের মঙ্গল কামনা করে। ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ভয় তত কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
পোস্টাল ব্যালট ব্যবস্থাকে একটি মডেল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও প্রথমবারের মতো চালু হওয়া এ ব্যবস্থায় নির্বাচন কমিশন সন্তুষ্ট। ভবিষ্যতে এটি আরও বিস্তৃত হবে।
পোস্টাল ব্যালট ব্যবস্থায় নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সিইসি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচন একটি ভোট উৎসবে পরিণত হবে।