দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় চেন্নাই বিমানবন্দরে ভক্তদের অতিরিক্ত ভিড়ের কারণে নাজেহাল পরিস্থিতির মুখে পড়েছেন। উন্মত্ত ভক্তদের হুড়োহুড়িতে একপর্যায়ে তাঁর পরনের পোশাক ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, রোববার রাতে মালয়েশিয়া থেকে চেন্নাইয়ে ফেরেন বিজয়। সেখানে তিনি তাঁর আসন্ন সিনেমা ‘জননায়কন’-এর অডিও উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রিয় তারকাকে একনজর দেখার আশায় আগে থেকেই বিমানবন্দরে জড়ো হন হাজারো ভক্ত।
টার্মিনাল থেকে বের হয়ে গাড়ির দিকে যাওয়ার সময়ই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভক্তদের ভিড়ে গাড়ি পর্যন্ত পৌঁছানোই কঠিন হয়ে পড়ে বিজয়ের জন্য। একপর্যায়ে ভিড়ের চাপে তিনি ভারসাম্য হারিয়ে পড়তে বসেন এবং কয়েকজন ভক্ত তাঁর জামাকাপড় ধরে টানাটানি শুরু করেন।
দেহরক্ষীদের তৎপরতায় শেষ পর্যন্ত নিরাপদে গাড়িতে উঠতে সক্ষম হন বিজয়। এ ঘটনার পর তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে চলচ্চিত্র অঙ্গনে।
এর আগে নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে ও সামান্থা রুথ প্রভুর সঙ্গেও ভক্তদের উগ্র আচরণের অনুরূপ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ভক্তদের অতিরিক্ত উন্মাদনা ও অনিয়ন্ত্রিত আচরণ তারকাদের নিরাপত্তাকে ক্রমেই ঝুঁকির মুখে ফেলছে বলে মত চলচ্চিত্রসংশ্লিষ্টদের।