রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন কলেজ শিক্ষার্থী খায়রুল হোসেন কামরুল (২১) এবং তার বন্ধু মো. ইয়াসিন (২৫)।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার সময় খায়রুল ও ইয়াসিন একই মোটরসাইকেলে ছিলেন। শনির আখড়া এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১১টার দিকে খায়রুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
অপরদিকে গুরুতর আহত ইয়াসিন চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান।
নিহত খায়রুল হোসেন কামরুল কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়া এলাকার বাসিন্দা হারুনুর রশীদের ছেলে। তিনি রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
অন্য নিহত ইয়াসিন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম ফয়েজ উদ্দিন।
দুর্ঘটনার পর ঘটনাস্থল ঘিরে শোকের পরিবেশ সৃষ্টি হয়। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
সুত্রঃবাসস