দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্যের বিবাহবিচ্ছেদ একসময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ব্যক্তিগত জীবনের সেই ঝড়ের পর সামান্থা যখন অভিনয় থেকে দূরে সরে যান, তখনই তিনি মায়োসাইটিস নামের এক জটিল রোগে আক্রান্ত হন। চার বছর পেরিয়ে অবশেষে সেই নীরবতা ভেঙে নিজের অনুভূতি প্রকাশ করলেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থা জানান, বিবাহবিচ্ছেদের পর থেকে তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল জনসাধারণের কড়া নজরে। নিজের প্রতি শতভাগ সৎ থাকার চেষ্টা করলেও বারবার ট্রলিং ও কঠোর সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে।
সামান্থা বলেন, “আমি সবসময় বাস্তবতাকেই প্রকাশ করেছি। যারা আমাকে অনুসরণ করেন, তারা জানেন আমি কীভাবে ব্যক্তিগত সংগ্রামের মধ্য দিয়ে গেছি। বিচ্ছেদ হোক বা অসুস্থতা সবকিছুই আমি খোলাখুলিভাবে বলেছি।”
অভিনেত্রীর ভাষায়, “এর ফলে অনেকেই আমাকে নিয়ে ট্রল করেছেন, অনেকেই নানা মন্তব্য করেছেন। আমি আমার জীবন পুরোপুরি গুছিয়ে নিতে পারিনি। আমি নিখুঁত নই, ভুল হতে পারে। তবুও আমি প্রতিদিন আরও ভালো হওয়ার চেষ্টা করছি।”
নিজের সাহস, খোলামেলা স্বীকারোক্তি ও ইতিবাচক মনোভাবের জন্য ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন সামান্থা। বিচ্ছেদ ও অসুস্থতার পরও নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি নিজের শর্তে, নিজের মতো করে।