বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করছেন মোহাম্মদ সালাউদ্দিন। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে।
সালাউদ্দিন বলেছেন, “হ্যাঁ, আমি পদত্যাগ করছি।” ব্যক্তিগত কারণ দেখিয়ে ইতোমধ্যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি থাকলেও দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মাথায় বিদায় নিচ্ছেন এই কোচ।
এর আগে গত বছর জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান সালাউদ্দিন। তার পদত্যাগের খবরে নতুন করে পরিবর্তনের হাওয়া বইছে টিম ম্যানেজমেন্টে। সম্প্রতি বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল এবং টিম ডিরেক্টর হয়েছেন আব্দুর রাজ্জাক।