ভারতের জাতীয় দলের পেসার মোহিত শর্মা সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। মঙ্গলবার ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে অবসরের সিদ্ধান্ত জানান।
মোহিত আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন ২৬ ওয়ানডে ও ৮ টি–টোয়েন্টিতে। ২০১৩ সালে অভিষেক হওয়া এই পেসার ওয়ানডেতে ৩১ ও টি–টোয়েন্টিতে ৬ উইকেট শিকার করেন। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ভারত দলে ছিলেন তিনি।
দীর্ঘ আইপিএল ক্যারিয়ারে খেলেছেন চেন্নাই সুপার কিংস, কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস), দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটানসের হয়ে। ২০২৩ মৌসুমে গুজরাটের হয়ে ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। আইপিএলে মোট ১২০ ম্যাচে ১৩৪ উইকেট নিয়েছেন তিনি।
অবসরের ঘোষণায় মোহিত সতীর্থ, কোচ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক পর্যায়ে ওঠার পুরো যাত্রাটাই তাঁর জন্য ছিল আশীর্বাদস্বরূপ।