ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা করা হবে। মামলাটি পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানাকে অবৈধভাবে ১০ কাঠা প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে দায়ের করা হয়েছিল।
ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্কের পর মঙ্গলবার (২৫ নভেম্বর) রায়ের তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সাক্ষ্য ও নথিপত্র অনুযায়ী অভিযোগ করা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে তার বোনকে প্লট বরাদ্দ দেন। দুদকের আইনজীবীরা জানিয়েছেন, উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে মূল আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে।
সাক্ষীদের জবানবন্দিতে বলা হয়েছে, পূর্বাচলে পরিবারের জন্য প্লট বরাদ্দে শেখ রেহানা নিজে চাপ প্রয়োগ করেন। পরে মিথ্যা হলফনামার ভিত্তিতে রেহানাকে রাজউকের ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ দেওয়া হয়। একইভাবে, টিউলিপ সিদ্দিকও মায়ের নামে প্লটের দাবিতে তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর প্রভাব প্রয়োগ করেন। নিজে প্লট না নিলেও এই প্রভাবের কারণে তিনি মামলার অন্যতম আসামি।
মোট ৩২ জন সাক্ষীর জবানবন্দি, অবৈধ নির্দেশনামা এবং ভুয়া হলফনামাসহ বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপন করেছে দুদক। মামলার একমাত্র গ্রেপ্তার আসামি, রাজউকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতে বলেছেন, তিনি সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের নির্দেশ পালনে বাধ্য ছিলেন।
যুক্তিতর্ক শেষে বিচারক আগামী ১ ডিসেম্বর রায়ের তারিখ ধার্য করেছেন, এবং তিনজন মূল আসামি শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।












