গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের এমন সিদ্ধান্তসহ গণভোট অধ্যাদেশকে উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অধ্যাদেশটি অনুমোদিত হয়।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে রঙে পৃথক থাকবে। তিনি বলেন, “আমরা আশা করছি আজ বা কালকের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।”
আইন উপদেষ্টা আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিয়োগকৃত রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং ও পোলিং অফিসাররাই গণভোটের দায়িত্ব পালন করবেন। গণভোটে থাকবে একটি মাত্র প্রশ্ন, যেখানে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদান করবেন।
জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের সময়ই গণভোট অনুষ্ঠিত হবে এবং পৃথক রঙের ব্যালট ব্যবহারের ফলে ভোটারদের কোনো বিভ্রান্তি হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।