ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে মমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে সদরপুর কলেজ মোড় এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হোটেলটিতে মেয়াদোত্তীর্ণ খাবার, পচা ও বাসি খাদ্যদ্রব্য ফ্রিজে সংরক্ষণ, এবং অপরিচ্ছন্ন রান্নাঘরের প্রমাণ পাওয়ার পর নিরাপদ খাদ্য আইনে এ জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জেল হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
ইউএনও জাকিয়া সুলতানা বলেন, ‘খাদ্যের মান নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে। কেউ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’