ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে ছাত্র-জনতার এই আন্দোলন শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শেষে বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হতে থাকে। মিছিলগুলো শাহবাগ মোড়ে এসে মিলিত হলে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
এ সময় আন্দোলনকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা বিচারহীনতার সংস্কৃতির অবসান ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের দাবিও তোলেন।
আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।