খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। আজ বুধবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ এবং তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই নেপালের পররাষ্ট্রমন্ত্রীর এই ঢাকা সফর।
এদিকে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আজ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিকের। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথেরও ঢাকায় আসার কথা রয়েছে।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর শীর্ষ প্রতিনিধিদের এই উপস্থিতি তাঁর রাজনৈতিক গুরুত্ব ও আঞ্চলিক মর্যাদার প্রতিফলন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।