ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রতিবাদে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাসের উদ্দেশে একক পদযাত্রা শুরু করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোড থেকে এ পদযাত্রা শুরু হয়। উল্লেখ্য, এই স্থানেই এর আগে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল। প্রায় ৮ কিলোমিটার পথ হেঁটে দূতাবাসে পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেন তিনি।
পদযাত্রার সময় রাশেদ প্রধানের হাতে ছিল একটি কালো গোলাপ, যা রাজনৈতিক ভাষায় কর্তৃত্ববাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা হয়।
যাত্রার শুরুতে রাশেদ প্রধান বলেন, “হিন্দুস্তান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও হাদির খুনিদের আশ্রয় দিয়েছে। বছরের পর বছর সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন, ভূমি দখল, পানির ন্যায্য হিস্যা না দেওয়া এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ দিল্লির জন্য ছেলেখেলায় পরিণত হয়েছে। দেশের মানুষের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের আগ্রাসী মনোভাবের প্রতি আমি তীব্র ঘৃণা জানাতে চাই।”
জাগপা মুখপাত্র আরও বলেন, অতীতে একাধিকবার মিছিল সহকারে ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি বা চিঠি দেওয়ার চেষ্টা করা হলেও প্রশাসনের বাধার মুখে তা সফল হয়নি। “এবার প্রায় ৮ কিলোমিটার পথ একা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে প্রশাসন বুঝতে পারে একজন নিরস্ত্র মানুষ দূতাবাসের জন্য কোনো হুমকি নয়,” বলেন তিনি।
এ ঘটনায় রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।