উত্তর কোরিয়ার সাবেক নামমাত্র রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। ক্যান্সারজনিত জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে ৯৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই তথ্য জানায়।
খবরে বলা হয়, “কমরেড কিম ইয়ং নাম আমাদের দল ও দেশের ইতিহাসে অসাধারণ অবদান রাখা পুরোনো প্রজন্মের বিপ্লবী ছিলেন। ৯৭ বছর বয়সে তিনি তার মহৎ জীবনযাত্রার অবসান ঘটালেন।”
কেসিএনএ আরও জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মঙ্গলবার সকালে কিম ইয়ং নামের মরদেহের পাশে গিয়ে শ্রদ্ধা জানান এবং শোক প্রকাশ করেন। তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে দেশটির পার্লামেন্টের নেতৃত্বে থাকা কিম ইয়ং নাম ছিলেন উত্তর কোরিয়ার একজন জ্যেষ্ঠ কূটনীতিক ও কিম পরিবারের অনুগত রাজনীতিক। গভীর কণ্ঠে প্রচারণামূলক ভাষণ দেওয়ার জন্য তিনি পরিচিত ছিলেন।
১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির সভাপতির দায়িত্বে ছিলেন, যা দেশটির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের মর্যাদাসম্পন্ন পদ। তবে বাস্তব ক্ষমতা সব সময়ই কিম পরিবারের হাতেই ছিল।
সূত্র: আল জাজিরা












